বিগত ১৬ বছরের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণের কারণে নান্দনিক চট্টগ্রাম ক্ষতবিক্ষত হয়েছে বলে মন্তব্য করেছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, একসময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের ওপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ফলে নগরীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি গতকাল সোমবার বাকলিয়া এঙেস রোডে চকবাজার ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি জায়গা অবৈধ দখলের চিত্র তুলে ধরে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, কোথাও ১০ তলার অনুমোদন নিয়ে ১২ তলা, আবার কোথাও ১২ তলার অনুমোদন নিয়ে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি অনেক জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। এমনকি নগরীর অনেক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও রাখা হয়নি।
চট্টগ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় সিডিএর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নগরীর রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। তবে হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে বাড়ির আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক স্থাপনের পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে বাকলিয়া এঙেস রোডে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী এমরান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ চৌধুরী, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং মো. সাদ্দামুল হক।উপস্থিত ছিলেন মো. রায়হান, কানিজ ফাতেমা মিতা, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব, নাজমা আক্তার, মো. মিজান, মো. মুমিন, মো. ফরিদ, মো. খোকন, মো. জাহেদ, রহিম মিনু, হোছাইন রাশেদ, রিয়াজ শিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












