ওষুধশিল্পে গবেষণার প্রয়োগ বাড়ানোর আহ্বান

আইআইইউসির ফার্মেসি বিভাগে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ফার্মেসি বিভাগে প্রাকৃতিক উপাদান, ওষুধ আবিষ্কার ও ভেষজ উদ্ভাবনবিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম, পিএসসি (অব.)। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত ভাইস–চ্যান্সেলর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। সমাপনী বক্তব্য রাখেন আইআইইউসির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ। এ সময় আইআইইউসির ফার্মেসি বিভাগের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি আইআইইউসির ভাইস–চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই।

বিশেষ করে ফার্মেসি ও ওষুধশিল্পের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। জ্ঞান–বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ উৎসের দিকনির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে। গবেষণার পাশাপাশি আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধও সমুন্নত রাখতে হবে। তিনি পবিত্র কোরআনের মধু–সংক্রান্ত আয়াতের উদাহরণ তুলে ধরে বলেন, মধুর গুণাগুণ ও ঔষধি বৈশিষ্ট্য নিয়ে গভীর গবেষণা করলে কোরআনের বৈজ্ঞানিক তাৎপর্য আরও স্পষ্টভাবে প্রমাণিত হবে। পবিত্র কোরআন নিয়ে গবেষণায় তারাই সফল হবেন, যারা কোরআনের প্রতি আস্থা ও বিশ্বাস ধারণ করেন। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন দেশি–বিদেশি গবেষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন গবেষণার ক্ষেত্র তৈরি এবং একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ ধরনের গবেষণাভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, প্রাকৃতিক উপাদান ও ভেষজ উদ্ভিদ মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উপাদানের বৈজ্ঞানিক গবেষণা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে নতুন ওষুধ আবিষ্কারের পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ জন্য গবেষকদের আরও উদ্ভাবনী ও গবেষণামুখী হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধশিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অধিকাংশ ওষুধের মূল উৎস বৃক্ষ ও উদ্ভিদ। তবে কোনো ওষুধই সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত নয়। প্রতিটি ওষুধেরই কমবেশি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। পবিত্র কোরআন মানুষকে জ্ঞান ও গবেষণার প্রতি প্রতিনিয়ত উৎসাহিত করে। জ্ঞান–বিজ্ঞানের অগ্রযাত্রায় মুসলিম মনীষীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও ইতিহাসে অনেক ক্ষেত্রে তা আড়ালে রয়ে গেছে। মুসলিম মনীষীদের সেই অবদান যথাযথভাবে তুলে ধরা এবং গবেষণার ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদেরই কার্যকর ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ আবিষ্কার, ভেষজ চিকিৎসার আধুনিকায়ন এবং ওষুধশিল্পে নতুন উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞানকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা, গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি এবং একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচেম্বার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন মার্কেট এসোসিয়েশনের মতবিনিময়