মহেশখালীতে হচ্ছে আরো তিন এলএনজি টার্মিনাল

উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর প্রকল্পের বাস্তবায়ন চলছে। সচল রয়েছে একটি এলএনজি টার্মিনাল ও এসপিএম প্রকল্প। এবার যোগ হতে চলেছে আরো তিনটি এলএনজি টার্মিনাল। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এই ঘোষণা দিয়েছেন।

গতকাল রোববার দুপুরে তার নেতৃত্বে সরকারি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ি রাজঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার আরো তিনটি এলএনজি টার্মিনাল করার কথা জানান।

এক ব্রিফিংয়ে মুখ্য সচিব জানান, দেশের জালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়িতে ল্যান্ড বেইজ আরো দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দুবছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের পুর্নবাসনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ প্রসঙ্গে তিনি বলেন, মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকুরিসহ আরো নানা সুযোগ সুবিধা দেয়া হবে। বর্তমান সরকারের আমলে মাতারবাড়িতে আরো উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো তেমন আলোর মুখ দেখেনি। কিন্ত বর্তমান সরকার খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজগুলো শেষ করবে এবং সেই লক্ষেই কাজ চলছে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞান ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর জাতীয় উদ্ভাবনী নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত