চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আজ রোববার দুপুরের দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহবুবর রহমান (৬৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

এ ব্যাপারে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ জানান- সাতকানিয়াগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী মাহবুবর রহমান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










