মানুষের জন্য মানুষ–এই চিরন্তন মানবিক বোধকে ধারণ করে পটিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ পটিয়া সমিতি। আর্থিক সামর্থ্যহীন মানুষের চিকিৎসাসেবার প্রত্যয়ে অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে পটিয়ায় আয়োজন করা হয় দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্প।
এ উদ্যোগে একদিকে যেমন চিকিৎসাসেবা পেয়েছেন সহস্রাধিক মানুষ, অন্যদিকে উজ্জ্বল হয়েছে প্রবাসে ও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পটিয়ার সন্তানদের শেকড়ের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত।
গতকাল শনিবার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত পটিয়ার অর্ধশতাধিক চিকিৎসক নিজেদের পেশাগত ব্যস্ততার বাইরে এসে এলাকার মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
‘মানুষের সেবায় মানুষের পাশে পটিয়া সমিতি ঢাকা’এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ আলী নাওয়াজ। সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. ফরিদুল আলম, ডা. জালাল উদ্দীন আহমেদ, শিহাব উদ্দিন আল মন্জুর, ডা. নাসির উদ্দিন, শফিকুল ইসলাম, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, ডা. এমদাদুল হাসান, অ্যাডভোকেট নুরুল হুদা আনসারী, হারুনুর রশীদ,মো. হাসান প্রমুখ ।
চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, লিভার ও পরিপাকতন্ত্র, ডায়াবেটিস, শিশুরোগ, চর্মরোগ, সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, হাড়ভাঙা ও আঘাতজনিত সমস্যা, ইউরোলজি, নাক–কান–গলা এবং চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সেবা প্রদান করেন।








