পিসিআইইউর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কিথ ফ্যাশন লিমিটেড পরিদর্শন

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা গত বুধবার কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত কিথ ফ্যাশন লিমিটেড (ক্লিফটন গ্রুপ) পরিদর্শন করেন। এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তৈরি পোশাকশিল্পের বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ এবং শিল্পকারখানার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ের টেঙটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের সমন্বয়ে এই পরিদর্শনটি পরিচালিত হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, সহকারী অধ্যাপক মো. জুবায়ের বিন সাঈদ এবং প্রভাষক কাজী সিফাত মুনতাসির। পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা পোশাক উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। এর মধ্যে ছিল কাটিং, সুইং, প্যাটার্ন ডেভেলপমেন্ট, মার্কার মেকিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও কমপ্লায়েন্স কার্যক্রম। এসব কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে শিল্পকারখানার বাস্তব উৎপাদন প্রক্রিয়ার সম্পর্ক অনুধাবন করেন।

পরিদর্শনের শুরুতে কিথ ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে এক আলোচনা পর্বের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সিনিয়র প্রশাসনিক ব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ দুলাল এবং ক্লিফটন গ্রুপের সহকারী প্রশাসনিক ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম প্রতিষ্ঠানের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। তারা বলেন, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদনব্যবস্থা ও কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা অর্জনে সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনের সুযোগ করে দেওয়া এবং শিক্ষার্থীদের আন্তরিক আতিথেয়তার জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ কিথ ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়
পরবর্তী নিবন্ধআগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : শাহাদাত