জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করেছিল।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা হয়। সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসে। আর দেশকে নতুন করে স্বাধীনতা এনে দেয়।
গতকাল শুক্রবার জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়ার কেরানীহাটস্থ একটি রিসোর্টের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলার নবনির্বাচিত আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, চন্দনাইশ উপজেলার আমির কুতুব উদ্দিন, কেরানীহাট শহর শাখার আমির মুহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।
সরকারের উদ্দেশে প্রধান অতিথি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রায় ৭০ শতাংশ জনগণ দেশের সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ রায় দেন। কিন্তু গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করছে।
সরকারকে এর মাশুল একদিন দিতে হবে। জনগণের চাহিদার আলোকে দেশকে গঠন করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












