হাটহাজারীতে ভাড়া বাসার টয়লেটে রিকশাচালকের অর্ধগলিত লাশ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে ফয়েজ উল্লাহ ফরিদ (৫৫) নামে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ২টার দিকে হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলীর আমান বাজার এলাকার জয়নব কমিউনিটি সেন্টারের পেছনের ইউসুফের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফয়েজ উল্লাহ ফরিদ নগরীর চকবাজার এলাকার মুন্সি বাড়ির বাসিন্দা। সেখানে পরিবার থাকলেও প্রবাস ফেরত ফয়েজ উল্লাহ ফরিদ আমান বাজার এলাকার ওই ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক ধরে ব্যাটারি চালিত রিকশা চালক ফয়েজ উল্লাহ ফরিদ ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। গতকাল সকালে ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশেপাশের লোকজন বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাসার দরজা ভাঙে। ভেতরে প্রবেশ করে টয়লেট থেকে ফয়েজ উল্লাহ ফরিদের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন পূর্বে টয়লেটে পড়ে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে আইসিটি ফেস্টিভ্যাল