দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে

মতবিনিময় সভায় মীর হেলাল

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খবর বাংলানিউজের।

তিনি বলেন, সংবাদ মাধ্যমকে জনগণের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা থাকলেও অনেক ক্ষেত্রে সাংবাদিকতার নীতি নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হলে সরকার, জনগণ এবং সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করতে হবে।

সাংবাদিকদের বেতন–ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি যৌক্তিক। তবে সংবাদ মাধ্যমের মালিকদের আর্থিক সক্ষমতা ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদ মাধ্যমগুলোর আয় ও বিনিয়োগের সক্ষমতা বাড়বে। ফলশ্রুতিতে সাংবাদিকদের বেতন–ভাতা ও সুযোগ–সুবিধা বৃদ্ধির পথও সুগম হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যারা কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন, তাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত। এ সময় তিনি প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি–দাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জমির স্বল্পতা বিবেচনায় ভবিষ্যতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে অধিক সংখ্যক সাংবাদিকের আবাসন ও সুযোগ–সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা হবে।

গাজীপুরের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো স্বার্থান্বেষী মহল ভাঙচুর ও নাশকতা চালিয়ে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান মীর হেলাল।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম, কঙবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক অনুদানের চেক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধঅ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশছে বিষাক্ত সীসা : গবেষণা
পরবর্তী নিবন্ধআজ ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী