এশিয়ান গ্রুপ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট গতকাল বুধবার রাতে এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনেই ছয় বিদেশি খেলোয়াড়সহ ৩২ জন শাটলার অংশ নেন। দুই গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দিনে দুই গ্রুপে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে শাহ আমানতের ওয়াহিদুল–জুমার জুটি হাটহাজারী স্টারসের গালিব–ইমাম জুটিকে পরাজিত করে। দিনের প্রথম ম্যাচে কোয়ালিটির তানভীর–হারেফা জুটির মুখোমুখি হয় সিমুনের শহিদ–আদিল জুটি। আয়োজক এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম এবং উপ–ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম এ সময় উপস্থিত ছিলেন।

গ্রুপ-‘এ’তে রয়েছে কোয়ালিটি, সিমুন, ব্রাদার্স, ব্রিটানিয়া, জাইমস অটো, উইং স্পোর্টস, কুমিল্লা স্পোর্টিং ও লর্ডস ইন–২। এসব দলের হয়ে খেলছেন তানভীর–হারেফা, শহিদ–আদিল, আসাদ–জনি, আদিয়াত–সোয়াদ, রাজিন–রায়েদ, অনিক–রিয়াদ, সিবগাত–শুভ এবং আশরাফ–আকিব জুটি। অন্যদিকে গ্রুপ-‘বি’তে রয়েছে হাটহাজারী স্টারস, শাহ আমানত, এসএইচ ক্লাব, পলাশ স্পোর্টিং, ব্যাডমিন্টন ভ্যালি, এনএন কর্পোরেশন, লর্ডস ইন–১ ও সিটি ক্লাব। এসব দলের হয়ে খেলছেন গালিব–ইমাম, ওয়াহিদুল–জুমার, মুক্তার–মিনহাজ, লিপটন–জয়, নাজমুল–সাকিব, নাঈম–মিজান, হামজা–সনেট এবং বৈভব–মাসুদ জুটি। আজ ৫ নভেম্বর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। কাল ৬ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আন্তঃহাউজ ব্যাডমিন্টনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধকোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ