বাংলাদেশের বস্ত্রশিল্পকে বিশ্বের প্রধান ব্র্যান্ডিং করতে সকল উদ্যোগ নেয়া হবে : বস্ত্র সচিব

জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিনার

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের বস্ত্রশিল্পকে বিশ্বের প্রধান ব্যন্ডিং করতে বর্তমানে সরকার সকল উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো: আব্দুস সবুর। গতকাল রবিবার দুপুর ১২টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে একটি সেমিনার এবং সাইনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এসময় তিনি আরো বলেন, বিশ্বে জাপানের পর চীন এখন দক্ষ জনশক্তিতে অনেক এগিয়ে। তাই আমাদের সকল প্রকৌশলীকে এখন থেকে দেশের কারিকুলাম শেখার পর অন্তত ৬ মাস চীন পাঠানো হবে সেখানকার বিশ্বমানের বাস্তব শিক্ষাগুলো অর্জন করতে। তিনি বলেন, আমাদের দেশ চীনের পরেই এমন এমন অবস্থান অর্জন করতে সক্ষম যে বিশ্ব ব্যান্ডিংয়ের ক্ষেত্রে ‘মেড ইন বাংলাদেশ’ সেরা স্থানটিই অর্জন করতে সক্ষম হবে। আর সেজন্য পর্যায়ক্রমে সকল উদ্যোগ নিবে, আর তা এখন থেকেই। দেশের বস্ত্র শিল্প উন্নয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: সোলাইমানের সভাপতিত্বে শিক্ষার্থী কাউছার ও তানহার সঞ্চালনায় অনুষ্ঠানে ‘একাডেমিক শিক্ষা ও পেশাগত সফলতা’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ক্লিফটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাসসুদ্দিন টাওয়েলস’র ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন আহমেদ, পাহাড়তলী টেক্সটাইলের সিইও মাহবুবুল আলম, কেডিএস’র উপমহাব্যবস্থাপক সুবীর দাস, বস্ত্র অধিদপ্তরের উপ সচিব মো: আব্দুল কুদ্দুস। আলোচনা শেষে বস্ত্র সচিব ও অধ্যক্ষ চারটি টেক্সটাইল প্রতিষ্ঠানের সধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেন।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে হবে
পরবর্তী নিবন্ধআল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি