ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সৈন্যের সংখ্যা জানাল পেন্টাগন

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও দুই সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এ নিয়ে যুদ্ধে এখন পর্যন্ত নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। তবে ইরানের দাবি, মার্কিন বাহিনীর প্রকৃত প্রাণহানির সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।

নিহত দুজনই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সদস্য। তবে তারা সরাসরি যুদ্ধ বা শত্রুপক্ষের হামলায় প্রাণ হারাননি বলে জানিয়েছে পেন্টাগন। প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রকাশিত মার্কিন সামরিক সদস্যদের মৃত্যুর তালিকায় নতুন করে ওই দুই সেনার নাম যুক্ত করা হয়েছে। পৃথক দুটি অযুদ্ধজনিত ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অন্যজনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। পেন্টাগনের তথ্য বলছে, নতুন করে যুক্ত হওয়া এই দুই মৃত্যুর সঙ্গে যুদ্ধের সরাসরি সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। তবে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মোট প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনাদের মধ্যে কতজন সরাসরি হামলা বা সংঘর্ষে এবং কতজন অযুদ্ধজনিত ঘটনায় মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২০
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল