ভারত থেকে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ভারত থেকে ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়। পরে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। খবর বাংলানিউজের।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন, হরিদাসপুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ উপ–হাইকমিশন, নয়াদিল্লি থেকে গত ১৭ আগস্ট ইস্যু করা ট্রাভেল পারমিট এবং মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে গত ২৭ অক্টোবর ইস্যু করা এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়। দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা ১০ নারীর মধ্যে নড়াইলের তিনজন, যশোরের দুজন এবং চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, নরসিংদী ও খুলনার একজন করে রয়েছেন। প্রত্যাবাসনসংক্রান্ত নথিতে তাদের নাম ও পরিচয় একাধিকভাবে উল্লেখ রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে গোলাগুলি ২ জন গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধশনাক্তকারী যন্ত্র দিয়ে স্বর্ণ খুঁজেছে চোর