চট্টগ্রাম ও ফেনী জেলার সংযোগের চট্টগ্রাম অংশে অবস্থান বারইয়ারহাটের। মিনিটাউন হিসেবে পরিগণিত বারইয়ারহাট আবার ‘সমগ্র মীরসরাইবাসীর সার্বক্ষণিক মিলনমেলা‘ হিসেবেও বিবেচিত। যার কারণে মহাসড়ক পারাপার এক ভয়ঙ্কর দুর্ঘটনাময় হয়ে ওঠে। দুর্ঘটনার হাত থেকে পথচারীদের সুরক্ষার জন্য এখানে গড়ে তোলা হয়েছে ওভারব্রিজ। ডিভাইডারে স্থায়ী এবং কঠোর প্রতিবন্ধকতা থাকায় পথচারীদের পারাপারের একমাত্র অবলম্বন এখন এই ওভারব্রিজই। ফলে সার্বক্ষণিক পথচারী পারাপারের সমারোহ লক্ষ্য করা যায় এতে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো পুরো ব্রিজজুড়ে প্রতিবন্ধীসহ নানান ধরনের ভিক্ষুকদের অবস্থানের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটা, জ্যাম লেগে যাওয়ার সুযোগে নারী/তরুণী পথচারীদের শ্লীলতাহানির আশঙ্কাও সৃষ্টি হয়ে ওঠে প্রায়শই। বারইয়ারহাট পৌরসভার অন্তর্গত এ ওভারব্রিজে সর্বসাধারণের স্বাচ্ছন্দ্য পারাপার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই তৎপর হওয়া উচিৎ।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ্
বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম।











