হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩টি তেলবাহী জাহাজে আগুন

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে (অয়েল ট্যাংকার) আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি)। খবর বাসসের।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিধি লঙ্ঘনকারী তিনটি অয়েল ট্যাংকার হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করে। এসময় মাইনের আঘাতে সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে রেখেছিল এবং আইআরজিসি নৌবাহিনীর দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করেছিল। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে এবং জাহাজগুলো কোন দেশের পতাকা বহন করছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইআরজিসি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ব্যবহৃত মোট খনিজ তেল ও গ্যাসের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবহনকারী কৌশলগত জলপথে নৌচলাচল কঠোরভাবে সীমিত করে দিয়েছে ইরান। এর জবাবে ইরানের বন্দরগুলোতে সমুদ্র অবরোধ (ব্লকেড) আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সশস্ত্র বাহিনী বারবার অভিযোগ করে আসছে, এ অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জাহাজগুলোকে ওমানের উপকূলসংলগ্ন দক্ষিণ দিকের একটি পথ ব্যবহার করতে উৎসাহিত করছে। তেহরান পথকে অননুমোদিত বলে মনে করে। বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলে, হরমুজ প্রণালির অননুমোদিত রুটে মাইন পুঁতে রাখা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ পথ দিয়ে জাহাজ চলাচলের যাবতীয় দায়ভার এর মালিক ও ক্রুদের ওপরই বর্তাবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের দেওয়া কোনো বিভ্রান্তিকর তথ্যে কান দেওয়া উচিত হবে না। এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, তারা হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচীনে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা নতুন অর্থনীতির সম্ভাবনা
পরবর্তী নিবন্ধফ্লাভিও বোলসোনারো যেভাবে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে পালালেন