সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের ইন্তেকাল

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চারণ সাংবাদিক ও গবেষক, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরতলীর দরিয়ানগরে স্ট্রোকে আক্রান্ত তিনি। পরে দুপুর সোয়া ১২টার দিকে সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদে আছর দরিয়ানগর এলাকায় প্রথম নামাজে জানাজা, বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং রাত ৯টায় চকরিয়ার খুটাখালীতে তার জন্মস্থানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আহমদ গিয়াস জেলার একজন নিভৃতচারী মেধাবী ও সত্যনিষ্ট সাংবাদিক ছিলেন। ছিলেন প্রকৃতিপ্রেমী। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। দৈনিক আজাদীতে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ২০ বছর কর্মরত ছিলেন। এছাড়াও দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন, দৈনিক কঙবাজারসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি।

সাংবাদিকতা জীবনে অত্যন্ত সৎ, সাহসী ও নির্লোভ ছিলেন আহমদ গিয়াস। সকল লোভের উর্ধ্বে উঠে, নিঃসংকোচে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। সত্যের প্রশ্নে কখনো আপোষ করেননি। মুখের উপর বলতেন সত্য ও গঠনমূলক কথা।

সাংবাদিকতার পাশাপাশি একজন গবেষক হিসেবে নাম কুড়িয়েছিলেন আহমদ গিয়াস। তিনি পরিবেশ বিষয়ে দীর্ঘ গবেষণা করেছেন। ব্লু ইকোনমি ও মৎস্য সম্পদ নিয়ে নিয়মিত গবেষণা করতেন। এ সম্পর্কিত তার বহু সংবাদ ও গবেষণাপত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিরহংকার, সজ্জন ও নির্লোভ মানুষ ছিলেন তিনি। গত ১৫ বছর শহরের চাকচিক্যময় জীবন ছেড়ে শহরে থেকে দূরে দরিয়ানগরে পাহাড়ি ঢালুতে কুঁড়েঘরে বসবাস করতেন।

আহমেদ গিয়াসের আকস্মিক মৃত্যুতে আজাদী পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গনে। তার স্মৃতিচারণ করতে গিয়ে কঙবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী বলেন, আহমদ গিয়াস সত্যনিষ্ট, অনুসন্ধানি সাংবাদিকতার মাধ্যমে কঙবাজারের সাংবাদিকতা জগতে নিজের একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছিলেন। তার মতো দায়িত্বশীল সাংবাদিক বর্তমানে কম আছে।

সাংবাদিক ইউনিয়ন কঙবাজারের সভাপতি নূরুল ইসলাম হেলালী বলেন, জনগণ, সমাজ ও রাষ্ট্রের প্রতি আহমদ গিয়াসের দায়বদ্ধতা ছিলো অসাধারণ। সত্যের পক্ষে তার কলম ছিল অবিচল। কঙবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন, আহমদ গিয়াস এই যুগের সাংবাদিকতার শিক্ষকের স্থানে ছিলেন। অত্যন্ত জ্ঞানী ও দক্ষ সাংবাদিক ছিলেন। মনপ্রাণ দিয়ে তিনি সাংবাদিকতা করতেন।

পূর্ববর্তী নিবন্ধএক ইটভাটার চিমনি-কিলন ধ্বংস,আরেকটিকে ৫ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়িতে দেশি মাগুরের সঙ্গে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি