সরকারি বাসায় ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বন্ধ না হলে বরাদ্দ বাতিল

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা বা ফ্ল্যাটে সাবলেট ও ভাড়া দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ইতোমধ্যে যারা সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট গ্রহীতা বা ভাড়াটিয়াকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বরাদ্দ বাতিলসহ কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সরকারি আবাসন পরিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। খবর বাংলানিউজের।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সমপ্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কতিপয় বরাদ্দপ্রাপক তাদের অনুকূলে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক রুম কিংবা পুরো বাসা অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ এর সম্পূর্ণ পরিপন্থী। এ অবস্থায় সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপককে তার নামে বরাদ্দকৃত বাসা সম্পূর্ণ বা আংশিক কোনোভাবেই সাবলেট না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, নির্দিষ্ট সময়সীমা (৩১ অক্টোবর) অতিক্রান্ত হওয়ার পর কোনো বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে আর কোনো কারণ দর্শানো ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে উক্ত বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপিডিবি প্রকৌশলীর ‘ইগো’, বিআরটিএ কার্যালয়ে দুর্ভোগ
পরবর্তী নিবন্ধআলিফ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য