হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী বলেছেন, দ্বীন (ধর্ম) বিক্রি করে দুনিয়া অর্জনকারীরা দুনিয়াদারদের থেকে নিকৃষ্ট। কারণ দুনিয়াদার তো দুনিয়াকে দুনিয়া মনে করেই কামাই করে। কিন্তু দ্বীনের নামে দুনিয়া অর্জন করা মানে জনগণকে ধোঁকা দেওয়া। তাই সবকিছু আল্লাহতায়ালাকে খুশি করার উদ্দেশ্যে হওয়া উচিত। দ্বীনের কাজে ইখলাসের গুরুত্ব অনেক। আর ইখলাস অর্জনে দ্বীনদার মুত্তাকী আলেমদের সান্নিধ্যে যেতে হবে। কারণ অহংকার হচ্ছে সবচেয়ে খারাপ রোগ। অহংকার আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তাই মেহনত করে ইখলাস অর্জন করতে হবে।
আল–আমিন সংস্থার তিন দিনব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিবসে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় শুরু হওয়া তাফসীর মাহফিলে কুরআন তেলাওয়াত করেন কারী আহমদ গণী। মাহফিলে অধিবেশনভিত্তিক ধারাবাহিক সভাপতিত্ব করেন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা ওসমান সাঈদী, মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা হাবিবুল হক খালেদ।
তাফসীর মাহফিলের প্রথম দিবসে আরও তাফসীর পেশ করেন, মুফতী সাইয়েদ ফয়সাল নাদীম, মুফতী একরাম হোসাইন ওদুদী, মুফতী মাহমুদ হাসান বাবুনগরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা আনওয়ার শাহ আজহারী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।












