গ্যাস পানি বিদ্যুৎসহ সব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেছেন, বাংলাদেশ অবশ্যই শিল্প উন্নয়নের আগামীর সাথে তাল মিলিয়ে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান করে নেবে। আর সেই যোগ্যতা ও সক্ষমতা আমাদের রয়েছে। শুধুমাত্র লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা কাটিয়ে উঠতে হবে।

গত মঙ্গলবার মীরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, পানি ও বিদ্যুৎসহ বিদ্যমান সব সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি বলেন, দ্রুত এসব সুবিধা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে, যা দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে।

অর্থনৈতিক অঞ্চলের উৎপাদনে যাওয়া বিভিন্ন কারখানা ও নির্মাণাধীন নৌ–জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে এই অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণ করে গেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমাকে এখানকার মূল চিত্র দেখার জন্য পাঠিয়েছেন। গ্যাস, পানি ও বিদ্যুৎসহ যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে, সরকার অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের কাজ করছে।

পরিদর্শনকালে মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলের মডার্ন সিনটেঙ ও কেয়াম গ্লাসওয়্যার কারখানা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরিদর্শন শেষে তিনি বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় দেড় বিলিয়ন (১৫০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগে ইতোমধ্যে ৩০টি কারখানা তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এছাড়া আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলমান রয়েছে। কাজ সম্পন্ন হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।

পরিদর্শনকালে মুখ্য সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ, মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং বেজা, বেপজা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত অবস্থায় মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস
পরবর্তী নিবন্ধবাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা