সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইনি পদক্ষেপের পাশাপাশি দরকার সামাজিক সচেতনতা

নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস সনদের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সমন্বিত সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল কোনো একটি সংস্থার কাজ নয়, বরং সকলের সম্মিলিত সামাজিক প্রচেষ্টার মাধ্যমেই সড়ক দুর্ঘটনার মতো মারাত্মক সমস্যা প্রতিহত করা সম্ভব।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমাদের সড়কে প্রতিদিনই অহরহ মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে এবং অপূরণীয় জানমালের ক্ষতি হচ্ছে। এই মানবিক ও সামাজিক বিপর্যয় থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিকারের উপায় বের করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মহাসড়কে (হাইওয়েতে) যেখানে–সেখানে যানবাহন ছড়িয়ে–ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি এর সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যানবাহনের ফিটনেস সনদের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা অন্যায্য তদবির সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান যে, একমাত্র বিআরটিএ কর্তৃক বৈধভাবে সার্টিফাইড ড্রাইভিং লাইসেন্সই দেশের সড়কে যানবাহন চালনার জন্য গ্রহণযোগ্য বিবেচিত হবে।

রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও ‘চাঁদের গাড়ি’ ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অসামাজিক ও সহিংস কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি চালক ও মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান যাতে কোনো অপরাধী চক্র সিএনজি অটোরিকশাকে অপরাধের বাহন হিসেবে ব্যবহারের সুযোগ না পায়।

আলোচনা সভার পূর্বে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ আউটার স্টেডিয়াম চত্বরে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করে র‌্যালিতে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেলসহ অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা। অনুষ্ঠানে চট্টগ্রামের চার জন নির্বাচিত দক্ষ চালককে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীর সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না : প্রশাসক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা