সংকট নিরসনে ৩ সদস্যের প্রতিনিধি দল গঠন, আজ বৈঠক

সাজেক সড়কে অবরোধ অব্যাহত

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেকে গতকাল চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সাজেকের উদ্ভূত সংকট সমাধানে এদিন তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গঠন করেছে প্রশাসন। বাঘাইছড়ি উপজেলার ইউএনওর মধ্যস্থতায় প্রতিনিধি দলটি আজ সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। গতকাল সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার হেডম্যান ও কার্বারীদের সঙ্গে প্রায় দেড়ঘণ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং লংগদু হেডম্যান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কল্যাণমিত্র চাকমাকে নিয়ে এই তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আজকে রাঙামাটি জেলার হেডম্যান–কার্বারীদের নিয়ে আলোচনা করেছি। সাজেকের সৃষ্ট ঘটনা সমাধানে হেডম্যান–কার্বারীদের মাধ্যমে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামীকাল (সোমবার) সাজেকে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আলোচনায় বসবে। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচনার আয়োজন করবেন।

এমপি আরও বলেন, আমরা একটা বিষয় জানতে পেরেছি–সাজেক এলাকাটি এক সময় একটা আঞ্চলিক দলের নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে আরেকটি আঞ্চলিক দল ইন–করেছে (প্রবেশ করেছে)। এখন আগের আঞ্চলিক দলের দাবি হলো বর্তমানে ইন–করা আঞ্চলিক দলকে সাজেক এলাকা থেকে নিরাপত্তাবাহিনীর মাধ্যমে বের করে দিতে হবে। এখন নিরাপত্তাবাহিনী মাধ্যমে বের করে দিতে হলে উভয়দলকে বের করে দিতে হবে। কারো দাবির মুখে কাউকে বের করে দেওয়ার সুযোগ নেই। কারণ উভয় সংগঠন হল সশস্ত্র সংগঠন। এখন পুরো বিষয়টি প্রশাসন, নিরাপত্তাবাহিনী বিবেচনা করছে এবং সেখান থেকে সশস্ত্র দলগুলোকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, সাজেকের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাই। সে কারণে একটা প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটা সমাধান হবে।

মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিশাত শারমিনসহ জেলার হেডম্যান–কার্বারীরা।

সড়ক অবরোধ অব্যাহত : রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে সাজেক গণ–অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দফায় চতুর্থ দিনের মতো অবরোধ অব্যাহত রয়েছে। গতকাল সকাল ৬টা থেকে সাজেক–বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, হাজাছড়া ও মাচালং ১৪ কিলোসহ সাজেক সড়কের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হয়েছে। সড়কে যানচলাচল বন্ধ ছিল।

সাজেক গণ–অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, চতুর্থ দিনের মতো আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আমাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেক সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, উপাচার্য পুনর্বহালের দাবিতে কর্মসূচি অব্যাহত