নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি এবং নকল চাল বাজারজাত করাসহ নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল তদারকি কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠান তিনটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে এ বি এম ফুডে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রির প্রমাণ পাওয়ায় ৮ হাজার টাকা, হাজী শফিউল বশর অ্যান্ড সন্সকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়–বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেঘনা স্টোরে নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়–বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও নকল চাল বিক্রির কোনো সুযোগ নেই। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়–বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












