নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ এর তিন যুগপূর্তি উদযাপন করা হয়েছে। গত রোববার চবির বুদ্ধিজীবী চত্বর থেকে র্যালি ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আলোচনা সভা, স্মারক গ্রন্থ ও মোড়ক উন্মোচন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। সভায় সভাপতিত্ব করেন অঙ্গনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা।
উপ–উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং তাকে আরও উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাও থাকা প্রয়োজন। সব ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সম্মিলনেই একটি বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে প্রাণবন্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। কোনো সংগঠন দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অঙ্গনের পথচলা আরও সুদৃঢ় হবে এবং সংগঠনটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক আন্দোলনে অবদান রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতি বর্ষপূর্তি অনুষ্ঠানের পর অঙ্গনের কার্যকরী কমিটি নবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় তিন যুগপূর্তি উৎসবে ২০২৫–২০২৬ কার্যকরী কমিটি বিলুপ্ত করে ২০২৬–২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। সহসভাপতি হয়েছেন পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান সূচী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুলকার রাইন জাকারিয়া। এছাড়া ৩৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












