সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন ও শাটডাউন ১৮ দিনে গড়িয়েছে। এই অচলাবস্থার মাঝে চুয়েট উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমান। আগামী ১১ ও ১২ অক্টোবর দুদিনের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। শুক্রবার রাত ১২টার দিকে গণমাধ্যমে এই খবর এলে ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় এক অফিসিয়াল ইমেইল বার্তায় তার এই অন্তর্বর্তীকালীন নিয়োগ নিশ্চিত করা হয়। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম আগামী ১১ ও ১২ অক্টোবর ঢাকায় অবস্থান করার কারণে অধ্যাপক ড. আরাফাত রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। পরবর্তীতে দুদিনের রুটিন দায়িত্ব পাওয়ার বিষয়টি গণমাধ্যমের কাছে নিজে নিশ্চিত করেন চুয়েটে অবস্থানরত অধ্যাপক ড. আরাফাত রহমান। তিনি জানান, এই দুদিন তার ওপর অর্পিত প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
গতকাল ছুটির দিনে শিক্ষার্থীদের বড় কোনো আন্দোলন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে এর মাঝে রাত ১২টার দিকে গণমাধ্যমে এমন খবর আসার পর ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক শিক্ষার্থীদের কোনো বক্তব্য জানা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখাতে যায় শিক্ষার্থীদের।
এদিকে ২১ সেপ্টেম্বর কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই অসন্তোষ ও আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা প্রধান ফটকে ব্যারিকেড দেওয়ায় তিনি ক্যাম্পাসে সশরীরে প্রবেশ করতে পারেননি এবং ভার্চুয়াল চ্যানেলে অফিস পরিচালনা করছেন। অন্যদিকে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক সমাজ সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছেন।
লাগাতার কর্মবিরতির ফলে ১৮টি বিশেষায়িত বিভাগের ২৫ থেকে ৩০টি পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন এবং ল্যাবরেটরি গবেষণা কার্যক্রম সম্পূর্ণ স্থগিত রয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহসানুল্লাহ জানান, সংকট নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ না এলে প্রশাসনিক এই অচলাবস্থা কাটাতে সমিতি আগামী সপ্তাহে বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।











