সিডিএফএ–মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপের রবিন লিগে জয় পেয়েছে ডায়নামিক ফুটবল একাডেমি ও রামপুর ফুটবল একাডেমি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের রবিন লিগের তৃতীয় ম্যাচে ডায়নামিক ফুটবল একাডেমি ২–০ গোলে স্বাধীন বাংলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের মীর আহবার তাহমিদ একাই ২টি গোল করে। ডায়নামিক ফুটবল একাডেমি তাদের প্রথম খেলায় আকুবদন্ডী ফুটবল একাডেমির কাছে পরাজিত হয়েছিল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মীর আহবার তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ কাউন্সিলর আলী আকবর। একই মাঠে বিকালে অনুষ্ঠিত রবিন লিগের চতুর্থ ম্যাচে রামপুর ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩–১ গোলে সন্দ্বীপ ফুটবল একাডেমিকে পরাজিত করে। রবিন লিগে সন্দ্বীপ তাদের প্রথম খেলাতেও বড়উঠানের কাছে পরাজিত হয়েছিল। গতকাল নির্ধারিত সময়ে এ খেলা ০–০ গোলে ড্র ছিল। ফলে টাইব্রেকারে ফলাফল নির্ধারন করা হয়। টাইব্রেকারে রামপুরার পক্ষে মো. মাহাফুজুর রহমান মাহি, মো. ইয়াছিন ও মোহাম্মদ গোল করে। সন্দ্বীপের পক্ষে একমাত্র গোলটি করে কাইয়ুব হোসেন সিয়াদ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ রামপুরের মাহাফুজুর রহমান মাহির হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ নির্বাহী সদস্য মাহামুদুর রহমান মাহাবুব। এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিন খেলায় জিতে একরাম ফুটবল একাডেমি ‘ডি’ গ্রুপে শীর্ষে থাকলেও অবৈধ খেলোয়াড় খেলানোর অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে বাদ দিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারী রামপুর ফুটবল একাডেমিকে রবিন লিগে খেলার সুযোগ দেয়া হয়। আজ ৯ অক্টোবর শুক্রবার টুর্নামেন্টের কোন খেলা নেই। ১০ অক্টোবর শনিবার দুপুর ও বিকালে রবিন লিগের শেষ ৫ম ও ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হবে।











