বদরখালীতে পাঁচ অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার বদরখালী থেকে ৫টি দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সাগরের জলদস্যুতা দমনে কোস্টগার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়–সমুদ্রে বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে সম্পৃক্ত ডাকাতদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করার উদ্দেশ্যে ৫/৬ জন সন্ত্রাসী কক্সবাজারের চকরিয়া থানাধীন বদর আউলিয়া ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি ও মহেশখালীর সমন্বয়ে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি দেশীয় একনলা বন্দুক, ১টি দুই নলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়। আটকরা হলেন আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকন উদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা। জব্দকৃত আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবি জাদুঘরে স্থপতি মাজহারুল ইসলামের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা