চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ।

সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট সকল উপ–পুলিশ কমিশনারকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া, রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও, সভায় সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করা হয়।

এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবদরখালীতে পাঁচ অস্ত্রসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন