চবি জাদুঘরে স্থপতি মাজহারুল ইসলামের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যোগে স্থপতি মাজহারুল ইসলামের স্থাপত্যকর্ম নিয়ে ‘SPACES OF BELONGING: An Exhibition on the Architecture of Muzharul Islam with Photographs by Niklaus Graber’ শীর্ষক প্রদর্শনী গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকান।

বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান। মূল বক্তা হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান।

প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক স্থাপনার মধ্যেই অনন্য স্থাপত্যশৈলীর পরিচয় পাওয়া যায়। এগুলো ড. মাজহারুল ইসলামের নকশা করা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মোজাম্মেল অডিটোরিয়ামটি তার নকশা ও নির্মাণশৈলীর দিক থেকে অত্যন্ত আকর্ষণীয়। স্থপতির সৃষ্টির মধ্যে এমন অনেক বৈজ্ঞানিক ও নান্দনিক বিষয় রয়েছে, যা সময়ের সঙ্গে আরও উন্মোচিত হতে পারে। দুঃখজনকভাবে, দীর্ঘদিন ধরে আমাদের মোজাম্মেল অডিটোরিয়ামটি নিয়মিতভাবে কার্যকর ব্যবহার করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হলেও সেটিকে স্থায়ীভাবে কার্যকর ও ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব হয়নি। আমি মনে করি, এটি খোলার ব্যাপারে এখন কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের সঙ্গে মাজহারুল ইসলামের যে অবদান, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

মাননীয় উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, ড. মাজহারুল ইসলামের স্থাপত্যকর্মে সৃজনশীলতা, নান্দনিকতা এবং স্বতন্ত্র চিন্তার সুন্দর সমন্বয় রয়েছে। এতে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক, নাট্যকলা বিভাগের সভাপতি, চবি ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালে রেটিনা ডে পালন
পরবর্তী নিবন্ধবদরখালীতে পাঁচ অস্ত্রসহ গ্রেপ্তার ৩