খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতক

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। মাটিরাঙ্গা তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম শামছুল আলম (৩৫)। তিনি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা জীবিকার তাগিদে চট্টগ্রামে থাকেন। গ্রামের বাড়িতে দাদার সাথে শিশুটি বসবাস করত। গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা স্থানীয় বাজারে যান। এ সুযোগে প্রতিবেশী শামছুল আলম ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভিকটিমের বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল আলম গা–ঢাকা দিয়েছেন। রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালে ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার