প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গঠন, বিনিয়োগ বিষয়ে সচেতনতা এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে ‘আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার প্রস্তুতি, বিনিয়োগ সচেতনতা ও আর্থিক পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটি সেমিনারটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না, আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাবনা এবং ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কেও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক সময়ে সঠিক ক্যারিয়ার পরিকল্পনা এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পেশাজীবনকে আরও সফল ও স্থিতিশীল করতে পারে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বাস্তব কর্মজগতের জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাশেল উদ্দিন, নাফিউস নূর খান ও মো. জাহিদ হাসান। বক্তারা আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ ও সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জন, আর্থিক বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং দায়িত্বশীল বিনিয়োগের বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক এম. মঈনুল হক, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভাগের বিভিন্ন ডিসিপ্লিনের কো–অর্ডিনেটরগণ এবং বিভাগের শিক্ষকবৃন্দ। সেমিনার সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস। এ সময় ক্যারিয়ার গাইডেন্স কমিটির সদস্য সহকারী অধ্যাপক আফসানা ইয়েসমিন এবং সহকারী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতক
পরবর্তী নিবন্ধসেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজে ওপিএ ফান ফেয়ার