রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন।
তিনি গতকাল শনিবার সকালে আকস্মিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি রোগী ও সেবাদানকারীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি নিয়ে খবরাখবর নেন। তিনি রান্নাঘরে গিয়ে রোগীদের দেয়া খাবার দেখে অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন। চিকিৎসকদের প্রতি আন্তরিকতার সাথে রোগীদের সেবা দান করতে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন দাশ, ডা. নু–ই–জাহান, ডা. নাজনীন সুলতানা, ডা. চম্পা চৌধুরীসহ বিএনপির নেতৃবৃন্দ। পরে তিনি উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের প্রয়াত বিএনপি নেতা শফিউল আলম মেম্বারের কবর জেয়ারত করেন।













