হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। গতকাল শুক্রবার ফটিকছড়ির বাবুনগর আল–জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় আমিরকে ধন্যবাদ জানাই যে, নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিতরণের নামে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল, যারা বিভ্রান্ত হচ্ছিল, তাদেরকে সচেতন করেছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় আমির। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মো. রাশেদ খাঁন বলেন, আমি মনে করি, যারা ইসলামের কথা বলছে, বিশেষ করে জামায়াতে ইসলাম, তাদেরকে আমি পরামর্শ দেবো যে, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে আপনারা শেখেন। আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছেন। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না। হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে মো. রাশেদ খাঁন বলেন, শ্রদ্ধেয় আমির বললেন–এই সরকারকে সবার উচিত সহযোগিতা করা। সহযোগিতা না করে এই ৭ মাসের সরকারের বিরুদ্ধে কেন লং মার্চ? তিনি সেই প্রশ্ন আমাদের কাছে করেছেন। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহীনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদ্রাসায় প্রবেশ করে প্রথমে তিনি হেফাজতের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জেয়ারত করেন। জুমার পরে তিনি হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশকে আমরা হৃদয়ে ধারণ করি। ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তারা কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী জামানায় শুধুমাত্র ইসলামি মূল্যবোধ প্রচার করতে গিয়ে তারা নানা ধরনের নিপিড়নের শিকার হয়েছে। এমনকি শাপলা চত্বরে গণহত্যার মতো ঘটনাও সেই ফ্যাসিস্ট হাসিনা ঘটিয়েছে। তিনি বলেন, আমি হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের আশ্বস্ত করতে চাই–শাপলা চত্বরে গণহত্যার বিচার বাংলার মাটিতে হবেই। বিএনপি সরকার এই বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।













