রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থীকে নিয়ে ক্বেরাত ও নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বিকেলে দরবার–এ বেতাগী আস্তানা শরীফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে চতুর্থবারের মতো ক্বেরাত ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের আয়োজনে বেতাগী ইউনিয়নের বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও কে জি স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণিতে যাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার–এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফশাহ্ ।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, মোহাম্মদ সোলায়মান, বেতাগী আনজুমানে রহমানিয়ার সদস্য ডা. মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আবেদী, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, মাস্টার মোহাম্মদ সেলিম, মাস্টার ফারুক আহমেদ, মাওলানা মোহাম্মদ জামাল হোসাইন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করতে বেতাগী আনজুমানে রহমানিয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজ উন্নয়ন ও সৃজনশীল সাংস্কৃতিক কার্যক্রমে বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।













