অটোপাস করিয়ে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে

পটিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, এক সময় শিক্ষার্থীদের অটোপাস শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এটা ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র। বর্তমান সরকার শিক্ষার্থী ও শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষার্থীদের সে ধ্বংসাত্মক অবস্থা থেকে ফিরিয়ে এনে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে। এখন আর অটোপাসের সুযোগ নেই। অটোপাস করিয়ে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার ও শিক্ষামন্ত্রী দক্ষতার সাথে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার কাজ করছেন।

গত মঙ্গলবার সকালে তিনি পটিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাঈম উদ্দীন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন, প্রফেসর আবু দাউদ লুৎফুন জামির খান। আদনান ইউসুফ ও নাজমুন নাহার নীলার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মোরশেদ আলম, প্রাক্তন অধ্যক্ষ মো. মোজাম্মল হক।

অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েট, সরকারি মেডিকেল, সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন এবং কলেজের বিভিন্ন বিভাগের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এরকম ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ দিবসে বয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘের র‌্যালি ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩