আবদুস সোবহান,কালারপুলের প্রথম একরাম ও স্বাধীন বাংলার দ্বিতীয় জয়

একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’এর খেলায় জয় পেয়েছে আবদুস সোবহান ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, একরাম ফুটবল একাডেমি ও কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবদুস সোবহান ফুটবল একাডেমি ৪–১ গোলে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমিকে পরাজিত করে। দুই খেলায় এটি আবদুস সোবহানের প্রথম জয়। নিজেদের প্রথম খেলায় তারা হাটহাজারী ফুটবল একাডেমির কাছে পরাজিত হয়েছিল। অন্যদিকে সন্ধান স্পোর্টিং তাদের দুটি খেলার দুটিতেই হার মেনেছে। গতকালের খেলায় বিজয়ী দলের ফারুক আযম রাকিম ২টি গোল করে। এছাড়া ফাহিম তাজওয়ার ও সাফায়েত হোসেন প্রত্যেকে ১টি করে গোল দেয়। বিজিত দলের পক্ষে মো. ইসমাইল খলিলুল্লাহ ১টি গোল পরিশোধ করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আবদুস সোবহানের ফারুক আযম রাকিম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ জাওয়াদ বিন মুজিব।

প্রথম খেলা শুরুর পূর্বে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমির খেলোয়াড় ইশতিয়াকের পিতা মো. আবদুল আলিমের মৃত্যুতে মরহুমের প্রতি সম্মান জানিয়ে মাঠে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

একই ভেন্যুতে সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ২–১ গোলে হাটহাজারী ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ নিয়ে স্বাধীন বাংলা টানা দুই খেলায় জয়লাভ করলো। হাটহাজারী তাদের প্রথম খেলায় জিতলেও দ্বিতীয় খেলায় হার মানলো। এ খেলায় বিজয়ী দলের পক্ষে শারাফাত রহিম সিয়াম ও আনিসুল ইসলাম ১টি করে গোল দেয়। বিজিত দলের পক্ষে ফাহিম ১টি গোল করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় স্বাধীন বাংলা ফুটবল একাডেমির আনিসুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ–মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য নজরুল বাবু।

দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এতে একরাম ফুটবল একাডেমি ২–১ গোলে রামপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে। একরাম ফুটবল একাডেমির এটি টানা দ্বিতীয় জয়। রামপুর প্রথম খেলায় জয় পায়। বিজয়ী দলের পক্ষে এবাদুর রহমান জিসান ও আবির রহমান রিয়ন ১টি করে গোল দেয়। বিজিত দলের গোলদাতা এরিক হাসান মেহরাজ। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় একরাম একাডেমির আবির রহমান রিয়ন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাবেক কৃতী ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া টুটুল। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ১–০ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোলদাতা আহাদুল ইসলাম। দুই খেলায় কালারপুলের এটি প্রথম জয়। অন্যদিকে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি টানা দুই খেলায় পরাজিত হলো। ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় কালারপুলের আহাদুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আসিফ আহমেদ।

অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আজ ১ অক্টোবর যথারীতি চারটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি–পাঠানটুলি ফুটবল একাডেমি (সকাল–৯.১৫টা),রাইজিং ষ্টার ফুটবল একাডেমি–মীরসরাই ফুটবল একাডেমি(সকাল–১০.৪৫টা),শিকলবাহা স্পোর্টস একাডেমি–চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমি(দুপুর–২.১৫টা), চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি–ডায়নামিক ফুটবল একাডেমি(বিকাল–৩.৪৫টা)। সব খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা
পরবর্তী নিবন্ধবটতলী শাহ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া মাদ্রাসায় নবীনবরণ