ডেঙ্গু প্রতিরোধে হটস্পটগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে চসিক

মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে মেয়র

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে নগরীর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানান তিনি।

গতকাল রোববার সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিক মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রামের আওতায় কাজীর দীঘি ও আশপাশের এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন ও সুন্নাহ্‌র আলোকে জীবন ব্যবস্থা প্রবর্তনের উপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধমানব সভ্যতা বিকশিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই : মাওলানা নূরী