শিক্ষার্থীদের পড়াশোনায় বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

হাটহাজারী বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রযুক্তি জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনের পথে বাধা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে পাঠ্য বইয়ের পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কোনো সন্তান যদি বই কেনার আগ্রহ প্রকাশ করে, তাকে উৎসাহিত করতে হবে।

গতকাল শুক্রবার হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নওশীন আরজান হেলাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশু দিনের বড় একটি সময় পরিবারের সঙ্গে কাটায়। তাই শুধু শিক্ষকদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, সন্তান কী পড়ছে, কীভাবে সময় কাটাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতনভাবে খোঁজ–খবর রাখতে হবে। তিনি বলেন, সন্তানদের জোর করে সবকিছু করানো যাবে না। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে ভালো–মন্দের পার্থক্য বোঝাতে হবে। সন্ধ্যার পর সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে–এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানের ঘুম, পড়াশোনা, মোবাইল ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে পরিবারের দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি। হাটহাজারীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ প্রয়োজন। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাদক ও অপরাধ বিরোধী সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এসব কমিটিতে স্থানীয় সমাজপতি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। এলাকার মাদকসেবী, মাদক বিক্রেতা এবং নিয়মিত সামাজিক অপরাধে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে দেওয়া হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. কানিজ ফাতেমা এবং বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নান দৌলত। অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার রজতজয়ন্তী উৎসব
পরবর্তী নিবন্ধশিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা করতে হবে