মানুষের কল্যাণে কোরআন নাজিল করা হয়েছে। যা মুমিনের পথপ্রদর্শক এবং সকল সমস্যার সমাধানকারী। যার মধ্যে নিহিত রয়েছে সকল সমস্যার সমাধান। মানুষের পূর্ণাঙ্গ জীবনবিধান। দুনিয়া ও আখিরাতের কল্যাণে রয়েছে বিশেষ কিছু আয়াত। তন্মধ্যে সূরা তাওবার শেষ দুই আয়াতও বিদ্যমান। পবিত্র কোরআনের সূরা তাওবার শেষ দুটি আয়াত (১২৮ ও ১২৯ নম্বর আয়াত) অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যবহ। ইসলামি ঐতিহ্য ও বিভিন্ন বর্ণনায় এই দুই আয়াতের বিশেষ আমল ও ফজিলত রয়েছে।
সূরা তাওবার শেষ দুই আয়াতের উচ্চারণ: লাক্বাদ ঝা–আকুম রাসু–লুম মিন আংফুসিকুম আযিযুন আলাইহি মা–আনিত্তুম হারিছুন আলাইকুম বিলমু’মিনি–না রাউ’–ফুর রাহি–ম। ফা ইং তাওয়াল্লাও ফাক্বুল হাসবিয়াল্লা–হু লা– ইলা–হা ইল্লা–হুয়া আলাইহি তাওয়াক্কাল্তু ওয়া হুয়া রাব্বুল আ’রশিল আজি–মি। (সূরা তাওবা: আয়াত ১২৮–১২৯)। সূরা তাওবার শেষ দুই আয়াতের বাংলা অনুবাদ: ১২৮–তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল। তোমাদের দুঃখ–কষ্ট তাঁর পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। ১২৯– এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কারো বন্দেগি নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।
ফজিলত ও আমলসমূহ: ফজিলত ও আমলসমূহের মধ্যে রয়েছে, সব কাজ সহজ হওয়া: হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত আছে যে, ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দুই আয়াত ৭ বার পাঠ করবে, আল্লাহতাআলা তার সব কঠিন কাজ সহজ করে দেন। বিচারকের সামনে সহৃদয়তা: কোনো ব্যক্তি এই দুই আয়াত পাঠ করে কোনো বিচারক বা কর্মকর্তার সামনে গেলে তার প্রতি বিচারক সহৃদয়তা ও শ্রদ্ধা প্রদর্শন করেন। আকস্মিক মৃত্যু থেকে সুরক্ষা: কোনো কোনো বর্ণনায় উল্লেখ রয়েছে যে, ব্যক্তি দিনে কমপক্ষে দুইবার এই আয়াত দুটি তিলাওয়াত করবে, আল্লাহতাআলা সেদিন তাকে অনাকাঙ্ক্িষত বা অকালমৃত্যু থেকে হেফাজত রাখেন। বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি: নিয়মিত এই আয়াত পাঠ করলে দুনিয়া ও আখিরাতের বিভিন্ন বিপদ–আপদ, কষ্ট ও দুশ্চিন্তা থেকে আত্মিক শান্তি ও নিরাপত্তা লাভ করা যায়। তাওয়াক্কুল বা ভরসা বৃদ্ধি: আয়াতগুলোতে মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং রাসুলুল্লাহ (সা.)-এর উম্মতের প্রতি গভীর মায়া ও দয়ার কথা ফুটে উঠেছে, যা একজন মুমিনের মনে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা নির্ভরতা বাড়ায়। তওবা মানে অনুতাপ বা প্রত্যাবর্তন। সূরা তওবা পবিত্র কোরআনের নবম সূরা। এই সূরা মদিনায় অবতীর্ণ হয়। এতে রয়েছে ১৬ রুকু, ১২৯ আয়াত। এই সূরাকে ‘তওবা’র পাশাপাশি ‘বারাআত’ (দায়মুক্তি) নামেও ডাকা হয়। এ সূরায় বিশ্বাসীদের তওবা কবুল হওয়ার কথা বলা হয়েছে। এ জন্য এটিকে সূরা তওবা বলা হয়। বারাআত বলার কারণ হলো, বারাআত অর্থ সম্পর্ক ছিন্ন করা। এতে অবিশ্বাসীদের সঙ্গে মুসলমানদের সম্পর্কচ্ছেদ ও তাদের ব্যাপারে দায়মুক্তির কথা উল্লেখ রয়েছে।
পবিত্র কোরআনে শুধু এই সূরার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিপিবদ্ধ হয়নি। অনেকের মতে, এটি স্বতন্ত্র সূরা নয়, সূরা আনফালের শেষাংশ মাত্র। হজরত আলী (রা.)-এর মতে, এটি স্বতন্ত্র সূরা। কাফিরদের সঙ্গে তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য চুক্তি বাতিল করার ঘোষণা রয়েছে। অনেকের মতে, এ রকম ব্যাপারে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ব্যবহৃত হয় না। ইসলাম যে জয়যুক্ত হবে, এ বিষয়ে বিশ্বাসীদের তাদের কর্তব্য সম্বন্ধে অবহিত করা হয়েছে। সূরা তওবার ২৯ আয়াতে বলা হয়েছে, যাদের ওপর কিতাব অবতীর্ণ হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহ বিশ্বাস করে না ও পরকালেও না এবং আল্লাহ ও তাঁর রাসুল যা নিষিদ্ধ করেছেন, তা যারা নিষিদ্ধ করে না ও সত্যধর্ম অনুসরণ করে না, তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা বশ্যতা স্বীকার করে আনুগত্যের নিদর্শনস্বরূপ স্বেচ্ছায় জিজিয়া দেয়। (সূরা তওবা: আয়াত: ২৯)। সূরা তওবায় আল্লাহ বিশ্বাসীদের কিছু গুণের কথাও বলে দিয়েছেন। যেমন, যারা তওবা করে, উপাসনা করে, আল্লাহর প্রশংসা করে, রোজা রাখে, রুকু করে, সিজদা করে, ভালো কাজের নির্দেশ দেয়, অসৎকর্মে নিষেধ করে এবং আল্লাহর সীমারেখা মেনে চলে। (সূরা তওবা, আয়াত: ১১২)। সূরা তওবায় তাবুক যুদ্ধে অংশ না নেওয়া মুনাফিকদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। যেমন, মিথ্যা অজুহাত পেশ করে, টালবাহানা করে, হাস্যকর কথা বলে জিহাদে না যাওয়ার অনুমতি আদায় করে, মুসলিম সমাজে অনিষ্ট ছড়ায়, মুসলমানদের বিরুদ্ধে হিংসা–বিদ্বেষ ছড়ায় ও মুসলমানদের বিপদে আনন্দ প্রকাশ করে, মিথ্যা শপথ করে, সম্পদ পেলে আনন্দ পায়, না পেলে ক্ষোভ প্রকাশ করে, আল্লাহর মহব্বত, আল্লাহর জিকির ও তাঁর প্রতি কৃতজ্ঞতাবোধশূন্য অন্তর, নবীজি (সা.)-কে গালমন্দ করে, একে অপরকে মন্দ কাজের আদেশ দেয়, ভালো কাজ থেকে নিষেধ করে এবং কৃপণতা করে। (সূরা তওবা: আয়াত: ৪২ থেকে ৫৯)। আল্লাহতাআলা এই সূরায় জাকাত প্রদানের আটটি খাত বর্ণনা করেছেন। যেমন, গরিব, যার নেসাব পরিমাণ সম্পদ নেই; মিসকিন, যার মালিকানায় কোনো সম্পদ নেই; ইসলামি সরকারের পক্ষ থেকে জাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তি; ইসলামের দিকে চিত্ত আকর্ষণের জন্য জাকাত দেওয়া; ঋণগ্রস্ত ব্যক্তি; নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ দাস–দাসী; আল্লাহর রাস্তায় জিহাদকারী এবং মুসাফির, সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ। (সূরা তওবা: আয়াত: ৬০)। যখন আপনি আপনার সমস্ত ব্যাপার আল্লাহর ওপর সঁপে দেন এবং আপনার হৃদয় পরিপূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তার সমস্ত দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেন। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। তাই আসুন, আল্লাহর সুন্দর নাম ও গুণাবলি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের ইমানকে শাণিত করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে বাহ্যিক চেষ্টার পাশাপাশি নিজেদের অন্তরকে একমাত্র মহান আল্লাহর কাছে সঁপে দিয়ে প্রকৃত তাওয়াক্কুলের সৌভাগ্য অর্জন করি। পরিশেষে, আল্লাহতাআলা মুসলিম উম্মাহকে সূরা তাওবার শেষ দুই আয়াতের ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন।
লেখক: ইসলামি গবেষক ও কলামিস্ট।











