শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়; নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের প্রতি শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। গত বৃহস্পতিবার হাটহাজারীর খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি বলেন, কলেজ জীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার চর্চা করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস মিয়া। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য এম. জি. কিবরিয়া, শিক্ষক প্রতিনিধি নীলাদ্রি কুমার দে, দাতা সদস্য ফারুক আহমদ চৌধুরী প্রমুখ।











