খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি যাতায়াতে সাফারি, জিপ ও পিকআপের নির্ধারিত ভাড়া গাড়িপ্রতি ৫০০ টাকা বাড়ানো হয়েছে। একই সাথে সিএনজিচালিত টেক্সি ও মাহিদ্রার ভাড়াও বাড়ানো হয়েছে ২০০ টাকা করে। গতকাল শুক্রবার সকালে বর্ধিত ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। খাগড়াছড়িতে সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন কেন্দ্রে আসা–যাওয়া একটি গাড়ির রিজার্ভ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত সাজেকে যাপনসহ যাতায়াত ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এছাড়া একরাত সাজেক ভ্যালিতে রাত্রীযাপন ও নির্ধারিত বিভিন্ন স্থানীয় স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দুই রাত অবস্থানের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত্রীযাপনসহ সব পর্যটন স্পট ঘুরে দেখার পূর্ণাঙ্গ প্যাকেজ ভাড়া ১৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি শহরের আশপাশের বিনোদনকেন্দ্র যেমন–দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝরনা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখতে গুনতে হবে গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা। পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেক পরিদর্শনের ভাড়া ৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও যন্ত্রাংশের আকাশচুম্বী দামের সাথে সামঞ্জস্য রাখতেই সকল মালিক সমিতির যৌথ সম্মতিক্রমে মূলত এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।













