যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌঅবরোধ তুলে নিতে ৭ দিনের এক ‘রোডম্যাপ’(পরিকল্পনা) প্রস্তাব করেছে ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলতি সপ্তাহের শুরুতেই এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ প্রায় সপ্তম মাসে গড়িয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কড়াকড়ি আরোপ করায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবারহে ধস নেমেছে, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতেতেও। খবর বিডিনিউজের।
ইরানের নতুন প্রস্তাবে গত জুনে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সম্মত হওয়া সমঝোতা স্মারকের শর্তাবলী বাস্তবায়নের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে বৈরিতার অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে, যাতে করে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করা যায় এবং হরমুজ প্রণালি অবরোধের অবসান ঘটানো যায়। তাছাড়া, গাজা ও লেবাননসহ সব ফ্রন্টে আগামী সাত দিনের মধ্যে সামরিক সংঘাত সম্পূর্ণ বন্ধের শর্তও প্রস্তাবে রাখা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
পাশাপাশি যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের অন্তত ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ মুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওয়াশিংটনের নৌঅবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে তেহরান।













