সৌদি আরবের রাজধানীতে হামলার দায় স্বীকার হুতিদের

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

ইয়েমেনের হুতিরা জানিয়েছে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের সংবেদনশীল স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনযোগে হামলা চালিয়েছে। খবর বিডিনিউজের।

শনিবার রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর হুতিরা সৌদির রাজধানীতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। সৌদি আরবের বিরুদ্ধে ইরান সমর্থিত হুতি বাহিনীর আক্রমণ জোরদার হওয়ার পর এবারই প্রথম রাজধানী রিয়াদে হামলার ঘটনা ঘটল। রিয়াদ ও এর আশপাশে সম্ভাব্য বিপদের শঙ্কা প্রকাশ করে শনিবার ভোররাতে বাসিন্দাদের সতর্ক বার্তা পাঠিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

রয়টার্সের ভিডিও ও ছবিগুলোতে রিয়াদ বিমানবন্দরের মহাসড়ক ধরে সামনে ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উঠতে দেখা গেছে। কাছাকাছি বিমানবন্দরের প্রধান টার্মিনালের ভবন ও অন্যান্য স্থাপনাও দেখা গেছে। ভিডিওতে এক পর্যায়ে একটি সম্ভাব্য জ্বালানি ট্যাংকের পেছন থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। হুতিরা জুলাই থেকেই সৌদি আরবের বিভিন্ন শহর ও স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে, কিন্তু চলমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম তারা রিয়াদে হামলার দাবি করল। তবে রিয়াদের কোন্‌ কোন্‌ স্থাপনাকে তারা লক্ষ্যস্থল করেছে হুতিরা তা নির্দিষ্ট করে জানায়নি। তারা লোহিত সাগরের তীরবর্তী শহর ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমস্কো অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলা, নিহত ২
পরবর্তী নিবন্ধসৌদি আরবের সামরিক চাহিদা পূরণে সহায়তা করতে পারে তুরস্ক