দুই টন চোরাই খনিজ কয়লাসহ দুটি কাঠের সাম্পান বোট জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কয়লা বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পতেঙ্গার ১৮ নম্বর ঘাট এলাকায় দুটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ টন খনিজ কয়লা ও চোরাচালানে ব্যবহৃত বোট দুটি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













