মুছে গেল অপ্রতিমের হাসি

আইফোন নিয়ে গিয়েছিল ছবি তুলতে, লাশ মিলল পাহাড়ে তিনজন হেফাজতে, জিজ্ঞাসাবাদ হত্যায় কিছু ক্লু পাওয়া গেছে : পুলিশ

আজাদী ডেস্ক | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

হাসতে হাসতে বাসা থেকে বেরিয়েছিল। গিয়েছিল বন্ধুদের সঙ্গে ছবি তুলতে। সেই কিশোর অপ্রতিম আর হাসেনি, আর ফিরেনি। ফিরেছে তার লাশ। অপ্রতিমের ঘটনায় শোকাচ্ছন্ন মানুষ। মানুষের প্রশ্ন, একটা কিশোর, জীবন সবে শুরু হয়েছে, তার হাসি মুছে গেল কেন?

বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের লাশ লালমাই পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।

বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। খবর বিডিনিউজের।

সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, অপ্রতিমের কাছে থাকা তার মায়ের আইফোনটিও পাওয়া যায়নি। তাই আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অপ্রতিম হত্যায় কিছু ক্লু পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। হত্যার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। প্রতিবাদে আজ ক্লাসপরীক্ষা বন্ধ থাকবে বলে জানা গেছে। আর গত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে তার জানাজা হবে।

নিখোঁজ হওয়ার পর ফেইসবুকে যা বলেছিলেন মা : অপ্রতিম বাসা থেকে আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ হওয়ার পরপর পরিবার নানাভাবে তাকে খোঁজার চেষ্টা করে। তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম (ফেইসবুক আইডি ‘নাহিদা নাহিদ’) ছেলের নিখোঁজ বিষয়ে শুক্রবার গভীর রাতে ফেইসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টটি তার পরিচিত, শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী অনেকেই শেয়ার করেন।

পোস্টে নাহিদা বেগম ছেলের ছবি যুক্ত করে লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই।

আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে। আপডেট থাকলে জানাব। আপনারা দয়া করে চেষ্টা করেন।’

এরপর ছেলেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো দুটি পোস্ট দেন।

লাশ মিলল যেভাবে : অপ্রতিমের সন্ধান পেতে একটি সিসিটিভি ভিডিও কাজে দেয় বলে জানিয়েছেন প্রতিবেশী অধ্যাপক মাহমুদুল হাসান। তিনি বলেছেন, অপ্রতিম আর আমরা পাশাপাশি বাসায় থাকি। খুবই প্রাণবন্ত একটা ছেলে। একটা বাচ্চা ছেলেকে কোনো কিছুর জন্য কেউ মেরে ফেলতে পারেএটা আমরা চিন্তা করতে পারি না। এটা শকিং। সকাল থেকে আমরা এটা খোঁজার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করার চেষ্টা করছি।

ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, আমরা আসলে একটা ছেলেকে অপ্রতিমের সঙ্গে বিভিন্ন রাস্তা অতিক্রম করতে দেখেছি। এভাবে খুঁজতে খুঁজতে আমরা এই রাস্তার কাছাকাছি আসি। পরে স্থানীয় একজন মানুষ আমাদের জানায়, এখানে একটা বাচ্চার লাশ পড়ে আছে। সাড়ে ১২টার দিকে দৌড়াতে দৌড়াতে এসে বীভৎসতা দেখতে পাই। এটা আমরা কখনো মানতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, অপ্রতিমের কাছে থাকা তার মায়ের আইফোনটি পাওয়া যায়নি। এ কারণে ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

কিছু ক্লু পাওয়া গেছে : কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাংবাদিকদের বলেছেন, তারা কিছু ক্লু পেয়েছেন। এ নিয়ে কাজ চলছে। তিনি বলেন, অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। এটি অত্যন্ত হৃদয়বিদারক, আমাদেরকে নাড়া দিয়েছে। আমার একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন ব্যক্তি আছেন, জিজ্ঞাসাবাদ চলতেছে।

তিনি বলেন, আমি এখান থেকে যাওয়ার পরে আমরা ননস্টপ জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে কে কে জড়িত, এটার মোটিভ কী ছিল, কী উদ্দেশ্যে এই ছোট বাচ্চাটিকে, নিষ্পাপ বাচ্চাটিকে মেরে ফেললএটা কি শুধুই একটি আইফোনের জন্য ছিল নাকি এর সঙ্গে আর অন্য কোনো কিছু জড়িত ছিল, এই বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখব, তদন্ত করব।

পুলিশ হেফাজতে তিনজনকে জিজ্ঞাসাবাদ : অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া। তিনি বলেন, অপ্রতিমের নিখোঁজের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ভিডিও পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়েছে। দুইজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের বিশেষ দল অভিযান চালাচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ভালো একটি ফলাফল পাব।

এদিকে সিসিটিভি ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করে দক্ষিণ মোড়ের সানন্দা এলাকায় প্রবেশপথ পর্যন্ত টুপি এবং সাদা শার্ট পরিহিত তুহিনের সঙ্গে অপ্রতিমকে দেখা গেছে। তবে আইফোন ছাড়া ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না জানতে চাইলে মফিজ উদ্দিন ভূইয়া বলেন, আমরা অনেক কিছুই বিবেচনায় আনছি। এখনই সব বলতে চাচ্ছি না।

এদিকে গতকাল বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ইঙ্গিত করেন, অপ্রতিমের বয়সের বড় কিছু বন্ধু রয়েছে। নিখোঁজের দিন বিকালে তাদের সঙ্গে অপ্রতিম ছিলো কি না বিষয়টি তদন্তের জোর দাবি জানান তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, আজ ক্লাসপরীক্ষা বন্ধ : অপ্রতিম হত্যার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। বিকালে ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এদিকে অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আজ সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মরদেহ হস্তান্তর, আজ জানাজা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ গত রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে স্বজনদের মাধ্যমে জানা গেছে।

অপ্রতিমকে ডেকে নেয় তুহিন, তার কথাবার্তা অসংলগ্ন : অপ্রতিমকে মোবাইলে ফোনে তুহিন নামে একজন ডেকে নিয়েছিল বলে দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শরীফুল করীম। গতকাল লালমাই পাহাড়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে বলেন, আমরা যখন সিসিটিভি ভিডিওগুলো বিশ্লেষণ করছিলাম তখন দেখি, বিশ্ববিদ্যালয়ের গেটে (শুক্রবার) বিকাল সাড়ে ৩টার দিকে অপ্রতিমকে তার চেয়ে বড় একটি ছেলের সঙ্গে দেখা যায়। টুপি পরা। তার হাঁটাচলা কিছুটা সন্দেহজনক মনে হয়েছে। তখন আমরা পুলিশকে বিষয়টি জানাই এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তার পরিচয় নিশ্চিত হই। তার নাম তুহিন, খুব কাছাকাছি তার বাড়ি। তখন সহকারী প্রক্টরের নেতৃত্বে একটি দল তার বাড়ির দিকে রওনা হয়। তখন সেখানকার একটি দোকানের সিসিটিভি ভিডিওতে আবার অপ্রতিমের সঙ্গে তুহিনকে, প্রধান সন্দেহভাজনকে দেখা যায়।

উপাচার্য বলেন, তুহিনের কথাবার্তায় অসংলগ্নতা এবং তার মোবাইল তল্লাশি করে আমরা দেখতে পাই যে, তুহিনই আসলে তাকে বার বার বাসা থেকে বের হয়ে আসার জন্য বলছিল।

পূর্ববর্তী নিবন্ধহাসতে হাসতে বাসা থেকে গেল আমার ছেলে, আর ফিরেনি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত