যতদূরেই থাকো তুমি বাসতে দিও ভালো,
কৃষ্ণপক্ষে বুকের ভেতর জ্বলতে দিও আলো।
জ্বালতে দিও তুষের আগুন,
আসতে দিও দারুণ ফাগুন
বুকের ভেতর মিলন সুধা নাই যদি বা ঢালো!
সূর্যটাকে ডুবিয়ে দিয়ে,
চন্দ্রটাকে নিভিয়ে দিয়ে,
জগৎটাকে করবো আমি গহীন আঁধার কালো।
তবু ভালো নাই বা বাসো যদি
অন্যঘাটে প্রেমের তরী ভিড়াও নিরবধি,
ঘাটপাড়ানির পিছলপথে রাখবো জ্বেলে আলো।
ছন্নছাড়া যুবক আমি,
বাঁধনহারা প্রেমিক আমি,
আসবো কাছে, বাসবো আমি ভীষণ রকম ভালো।











