নাগরিক সুবিধা সমপ্রসারণ ও নগরবাসীর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে নগরীর প্রধান সড়কগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোর অভ্যন্তরীণ সড়কগুলোও পর্যায়ক্রমে নির্মাণ ও সংস্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা পরিদর্শনকালে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র চান্দগাঁও আবাসিক এলাকার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক এবং নির্মাণযোগ্য সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সুযোগ–সুবিধা বৃদ্ধির বিষয়ে এলাকাবাসী ও কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নগরীর প্রধান সড়কগুলো নির্মাণ ও সংস্কারের বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রধান সড়কের উন্নয়নকাজ করা হয়েছে। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোতে ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, নতুন সড়ক নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং নাগরিক সুবিধা সমপ্রসারণের বিষয়ে মেয়রের কাছে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। মেয়র তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।












