দুই পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সাতকানিয়ায় এক সপ্তাহে মারা গেল ৫ শিশু

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় পৃথক দুই পুকুরে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর ও মোহছেন আউলিয়া পাড়ায় এসব ঘটনা ঘটে। নিহত তিন শিশুর মধ্যে দুজন একই পুকুরে ডুবে মারা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হলো।

নিহত শিশুরা হলো মো. আজহার (), উম্মে মানহা () ও আলিফা আকতার ()। পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরওয়ার কামাল জানান, কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ব্যবসায়ী পাড়ার মো. জামাল উদ্দিনের ছেলে আজহার খালার বিয়ে উপলক্ষে মায়ের সঙ্গে ইছামতি আলীনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আজহার ও ইছামতি আলীনগরের জিয়াউল হকের মেয়ে উম্মে মানহা বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে তারা দুজন পুকুরের পানিতে পড়ে যায়।

পরে উঠানে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আজহারের নানা মো. ইছহাক পুকুরে গোসল করতে গেলে উম্মে মানহাকে পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আজহারের সন্ধান না পেয়ে একই পুকুরে খোঁজাখুঁজি চলতে থাকে। দীর্ঘ সময় পর পুকুর থেকে আজহারকে উদ্ধার করা হয়। পরে তাকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহছেন আউলিয়া পাড়ার মো. ওমর ফারুকের মেয়ে আলিফা আকতার দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে উঠানে আলিফাকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে একই ইউনিয়নে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সাতকানিয়ার আমিলাইষের ঘাটঘর এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে একই ইউনিয়নের পূর্ব ডলু নয়াপাড়ার মো. বেলালের দুই সন্তান পানিতে ডুবে মারা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হলো।

পূর্ববর্তী নিবন্ধবাইক চুরির সন্দেহ থেকে খুন
পরবর্তী নিবন্ধসিএমপির এসি ও দুই এএসআই প্রত্যাহার, তদন্ত কমিটি