সরকারি মাধ্যমে হজ পালনকারীরা কোনো হয়রানি বা প্রতারণার শিকার হন না। ধর্ম মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নজরদারি ও সহযোগিতার কারণে ধর্মপ্রাণ মুসলমানেরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে হজ পালন করতে পারছেন। ফলে সরকারি মাধ্যমে হজে অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। বাংলাদেশ সরকার হাজিদের জন্যে বিমানভাড়ার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ছাড় দিয়ে আসছে। তাই সরকারের এ উদ্যোগ হজ পালনেচ্ছু ব্যক্তিদের অবগত করা গেলে তাঁরা রাষ্ট্রপ্রদত্ত এ সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারবেন। সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় বক্তাগণ এ কথা বলেন।
দিনব্যাপী কর্মশালাটি গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় আয়োজিত এ কর্মশালায় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি ছিলেন। ইফা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খাঁন এতে স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আয়াতুল ইসলাম ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সরকারি মাধ্যমে হজ পালনের সুবিধা ও গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফাহমিদা বেগম, কর্মকর্তাবন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওলামা ও খতিব এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












