ভেনিসে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতল বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেওয়া রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অর্জন করেছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসপ্রেমিও বিসাতো দ’ওরো। খবর বাংলানিউজের।

গত ১১ অক্টোবর পরিচালক রুবাইয়াত হোসনের হাতে পুরস্কারটি তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সিনেমার এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত পরিচালক। রুবাইয়াত বলেন, এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে পুরস্কার দেওয়া। এজন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন।

আমি মনে করি, পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য স্বীকৃতি তাৎপর্যপূর্ণ। এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে। ৬ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে অফিসিয়াল শাখার পুরস্কার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধজয়া ও সমরজিতের ‘মনঘুড়ি’ মন কেড়েছে শ্রোতাদের