ইরানকে সতর্ক করে হুতিদের লাগাম টেনে ধরতে বলল পাকিস্তান

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

পাকিস্তান, সৌদি আরবের পক্ষ হয়ে ইরানকে সতর্ক করে মিত্র হুতিদের লাগাম টেনে ধরতে বলেছে। হুতিরা সৌদি আরবে আক্রমণ তীব্র করার পর মক্কা জোটের সদস্য দেশ পাকিস্তান প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানি ও সৌদি সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তা থামানোর জন্য এক সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

হুতিরা মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের গুরুত্বপূর্ণ শহর খামিস মুশাইতের একটি বিমান ঘাঁটি ও নিকটবর্তী শহরগুলোর তেল অবকাঠামোতে হামলা চালায়। এতে অন্তত ৭৩ জন আহত হয়। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে সৌদি আরবে হওয়া অন্যতম বড় হামলা। হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার জানিয়েছেন, পূর্ববর্তী ১২ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ৫৪ বার বিমান হামলা চালিয়েছে। এসব হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। এই বাড়তে থাকা সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহে হুমকি তৈরি করা যুদ্ধের দ্বিতীয় আরেকটি ক্ষেত্র প্রস্তুত করছে। এটি এমন সময়ে ঘটছে যখন ইরান ও যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরে জাহাজ চলাচলের ওপর ঘোষিত বৃহত্তম পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইরানকে পাকিস্তানের সতর্ক করার গুরুত্ব অনেক বেশি, কারণ দেশটি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা জোটে আবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প